মধুপুরে গারো পরিবার উচ্ছেদে প্রশাসনের আশ্বাস

 

মধুপুরে গারো পরিবার উচ্ছেদে প্রশাসনের আশ্বাস

মধুপুর প্রতিবেদকঃ 

টাঙ্গাইলের মধুপুরে গারো আদিবাসী একটি পরিবারকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়।

আজ মধুপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আশ্বাস দেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট গারো আদিবাসী পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি রাবার বাগান কর্তৃপক্ষকে ওই পরিবারের বসবাসের জন্য সীমানা নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ভাঙা ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় খুঁটি রাবার বাগানের ম্যানেজার ক্রয় করে দেবেন বলে জানানো হয়েছে, কারণ অভিযোগ রয়েছে—ঘরটি ভাঙার সঙ্গে বাগান কর্তৃপক্ষ জড়িত ছিল।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার দুই বান টিন এবং নগদ ছয় হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

একই সঙ্গে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট আনসার সদস্যদেরও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ প্রশাসনের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা বিষয়টির স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নবীনতর পূর্বতন