নিজস্ব প্রতিবেদকঃ
ইঁদুরের উপদ্রবে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়ে ব্ল্যাকআউটের ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিটের ফলে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।
কারখানার জিএম (অপারেশন) মোঃ ফজলুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে পাওয়ার প্লান্ট এলাকায় ইঁদুর ঢুকে বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় শর্ট সার্কিটের সৃষ্টি হয় এবং এর ফলে পুরো কারখানায় ব্ল্যাকআউট দেখা দেয়। বর্তমানে দ্রুত মেরামত কাজ চলছে। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার নাগাদ ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ঘটনাটিকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। কোথাও কোনো ঘাটতি বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত বছরের ২৪ নভেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরলেও কখনো গ্যাসচাপ কমে যাওয়া, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে উৎপাদন বারবার ব্যাহত হয়েছে। সর্বশেষ এই তালিকায় নতুন করে যুক্ত হলো ইঁদুরের উপদ্রব।
এর আগে দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ার মাধ্যমে কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে চলতি বছরের ২২ জানুয়ারি রাতে আবারও গ্যাস সংকট দেখা দেয়। একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে টানা ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসার মেরামতের কাজ সম্পন্ন করা হয়। সবশেষ ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত থেকে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়। এর পরই ইঁদুরের কারণে সৃষ্ট বৈদ্যুতিক বিপর্যয়ে নতুন করে উৎপাদন বন্ধ হয়ে যায়।
