শিমলা বাজারে পারস চুরি সন্দেহে চার নারী গ্রেফতার

 

শিমলা বাজারে পারস চুরি সন্দেহে চার নারী গ্রেফতার

সরিষাবাড়ী প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় পারস চুরির অভিযোগে চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার বড়বাড়ীয়া গ্রামের বাসিন্দা মোছা. ফাতেমা খাতুন (৪৩) গত ৯ মার্চ দুপুরে তার পাঁচ বছর বয়সী ছেলে তাওহীদকে নিয়ে শিমলা বাজারে ঈদের কেনাকাটার জন্য যান। 

কেনাকাটার এক পর্যায়ে অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ভিড়ের মধ্যে তার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে পারস চুরি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

চুরি হওয়া পারসে নগদ ১২ হাজার টাকা, চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা), একটি রূপার আংটি (মূল্য প্রায় ১ হাজার টাকা) এবং এক ভরি ওজনের রূপার গলার চেইন (মূল্য প্রায় ৬ হাজার টাকা)সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের পর তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চার নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন মোছা. অনিতা (৩০), মোছা. হেলেনা বেগম (৩০), মোছা. বন্যা (২০) ও মোছা. রেখা আক্তার (২০)। তাদের বাড়ি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের সদস্য এবং বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে ধারণা করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

এদিকে সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত অনিতার বিরুদ্ধে পূর্বেও চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

বুধবার (১১ মার্চ) গ্রেফতারকৃত চার নারীকে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নবীনতর পূর্বতন