সরিষাবাড়ীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

 

সরিষাবাড়ীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারে সংসদীয় এলাকায় সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক গঠন এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এছাড়া ডিজিটাল দারিদ্র্য সূচক নির্ধারণ ও স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং যোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাব্যবস্থা সহজিকরণ ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষাভাতা চালুর বিষয়টি উল্লেখ করা হয়।

ইশতেহারে যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্তকরণ, বন্ধ জুট মিল পুনরায় চালু, নদীশাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিতকরণ, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটার যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তর প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখাও উপস্থিতদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম।

নবীনতর পূর্বতন