জামালপুরে কালোবাজারে ৩ হাজার লিটার পেট্রোল জব্দ

 

জামালপুরে কালোবাজারে ৩ হাজার লিটার পেট্রোল জব্দ

মাইনুল ইসলাম রিফাতঃ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে সন্দেহজনক কয়েকটি গাড়িতে ১৫টি বড় ড্রামে মজুত অবস্থায় এই জ্বালানি তেল দেখতে পেয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে তল্লাশি চালান। পরে আটককৃত ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মেলান্দহ উপজেলার তেলিপাড়ার হাকিম মিয়া (৪০), বগুড়ার সারিয়াকান্দি কাটাপুরের ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ আলম/শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪/২৫), মো. জুগলু/জগলু মিয়া (৪৪/৪৫) ও মো. জহুরুল ইসলাম/সবুজ মিয়া (৪০/৪৫)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়রা ১১ জনকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত পেট্রোলের দায়িত্ব নিয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। 

জব্দকৃত পেট্রোল সরকারি নিয়ম অনুসারে নিলামে তোলা হবে। পুলিশ তেলের উৎস ও এর সঙ্গে সম্ভাব্য বৃহত্তর চোরাকারবারি চক্র জড়িত কি না তা খতিয়ে দেখছে।

জ্বালানি তেলের চলমান সংকটের সুযোগ নিয়ে এ ধরনের অবৈধ মজুত ও কালোবাজারি বন্ধে প্রশাসন কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

নবীনতর পূর্বতন