সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। 

তারা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলু, দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন