মেলান্দহে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

 

মেলান্দহে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত


জামালপুর প্রতিবেদকঃ 

জামালপুরের মেলান্দহে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল মিয়া (৪২) ও আকাশ মিয়া (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকায়।

তারা হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন। কাজল মিয়া ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে এবং আকাশ মিয়া উজ্জ্বল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ২টার দিকে মাহমুদপুর এলাকার বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। 

মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া নিহত হন।

স্থানীয়রা আহত কাজল মিয়াকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক সাইম (২২) আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

একজনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নবীনতর পূর্বতন