জামালপুর প্রতিবেদকঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় গরু চুরির সন্দেহে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে সালিশ বৈঠকে মারধর ও অপমান করার অভিযোগে মা আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের খবর অনুসারে, বুধবার (২৫ মার্চ) রাতে স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টার অভিযোগ ওঠে।
রাত ৩টার দিকে নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়া (৩০)-কে ধরতে চান।
সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ মিয়া ও মা জোসনা বানু (৪৫)-কে তুলে নিয়ে যাওয়া হয়।
পরদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সালিশ বসে। সেখানে বাবা-মাসহ তোতা মিয়া ও সোহেল রানাকে মারধর ও অপমান করা হয় বলে অভিযোগ উঠেছে।
অপমান সহ্য করতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ইতোমধ্যে গোলাম কিবরিয়া মুক্তা ও হৃদয় নামে দুইজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বজনদের দাবি, নায়েব আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

