শওকত জামান জামালপুর প্রতিবেদকঃ
জামালপুরে রিকশাচালক মজনু মিয়া অপহরণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেলের বাড়ি ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চন্দনপুর গ্রামে এবং সেলিম ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিস্তাপাড়া গ্রামে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ জুন ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেননি মজনু মিয়া। পরে সোহেল তাকে অপহরণ করে গাজীপুরে নিয়ে গিয়ে আটকে রাখে।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে একটি অপরিচিত নম্বর থেকে ফোন পান। ফোনে জানানো হয়, মজনু মিয়াকে অপহরণ করা হয়েছে এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।
ঘটনার পর ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সেলিম ইসলাম ও সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে আদালতে চার্জশিট দাখিল করে।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সেলিম ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি সোহেল মিয়া পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট ইসমাইল হোসেন।
