ভোটকেন্দ্রে জন্ম, নাম ‘বেগম খালেদা জিয়া’: দেখতে গেলেন জেলা প্রশাসক

ভোটকেন্দ্রে জন্ম, নাম ‘বেগম খালেদা জিয়া’: দেখতে গেলেন জেলা প্রশাসক


ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে এক কন্যাশিশুর জন্মকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। পরিবারটির আবেদনের প্রেক্ষিতে শিশুটির নাম রাখা হয়েছে ‘বেগম খালেদা জিয়া’। রোববার বিকেলে শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ নবজাতক ও তার পরিবারকে শুভেচ্ছা জানান।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। ভোটকেন্দ্রে উপস্থিত অবস্থায় তার প্রসববেদনা শুরু হলে সেখানেই স্বাভাবিকভাবে কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের জন্মসনদ, নগদ অর্থ, পোশাক, ফলমূল ও মিষ্টি প্রদান করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল বলেই গর্ভবতী মা কেন্দ্রে ভোট দিতে যেতে পেরেছেন এবং সেখানেই সন্তান প্রসব করেছেন। তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখতে এসেছি। বিভাগীয় কমিশনার মহোদয়ও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলা ও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে, যাতে শিশুটি বড় হয়ে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”

সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই ‘বেগম খালেদা জিয়া’ নামে শিশুটির জন্মসনদ প্রদান করা হয়েছে।

শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, “আমরা বিএনপিকে ভালোবাসি। ভোট দিতে গিয়ে মেয়ের জন্ম হয়েছে। তাই বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই মেয়ের নাম রেখেছি। এতে আমরা আনন্দিত।”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন এবং রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রে নবজাতকের জন্মের এই ঘটনা এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিনে এমন একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রায়গঞ্জবাসী এক অনন্য অভিজ্ঞতার অংশ হলো।

নবীনতর পূর্বতন