জামালপুর প্রতিবেদকঃ
নির্বাচন-পরবর্তী সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেওয়ানগঞ্জে এক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহত হন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের সাংবাদিক শামছুল হুদা রতন।
শনিবার সকালে উপজেলার চিকাজনী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক রতনের অভিযোগ, স্থানীয় সহিংসতার বিষয়ে ভুক্তভোগীদের বক্তব্য ভিডিও ধারণ করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কিছু নেতাকর্মী সেখানে এসে তাকে ঘিরে ফেলে মারধর করে এবং তার ক্যামেরা ভাঙচুর করে। তিনি দাবি করেন, এক পর্যায়ে উপস্থিত অন্য রাজনৈতিক নেতারা তাকে উদ্ধার করেন।
হামলার শিকার সাংবাদিক শামছুল হুদা রতন পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ। তিনি বলেন, তিনি কোনো হামলার নির্দেশ দেননি; অন্য কাজে সেখানে গিয়ে হট্টগোল দেখতে পান।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন এবং পরে জানতে পেরেছেন বিষয়টি মিটমাট হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, যুবদলের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
