জামালপুর প্রতিবেদকঃ
মাদারগঞ্জ উপজেলার উত্তর জোড়খালী এলাকায় ভোটের দিন রুবিনা আক্তার রুবিন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর মামা সোহেল (৪০)কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতেই তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ভোট দিতে যাওয়ার সময় রুবিনা বাড়িতেই ছিলেন। পরে ফিরে এসে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সুমন মিয়া বলেন, নির্বাচনের দুই দিন আগে তিনি স্ত্রীকে চর গোপালপুর থেকে উত্তর জোড়খালীর নানা বাড়িতে রেখে আসেন। ভোটের দিন স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে এসে গলায় ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।
নিহতের নানা আনার আলী জানান, ভোট দিয়ে বাড়ি ফিরে তারা রুবিনাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
মাদারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলের আলামত দেখে বিষয়টি সন্দেহজনক। গলায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে সোহেলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আদালতে সোপর্দের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
