মোঃ জাহিদুল ইসলাম
জামালপুর, ১২ এপ্রিল ২০২৬: টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের আনন্দবাজার এলাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বায়োপেস্টিসাইডের ব্যবহার ও এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমদাদুল হক। উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এবং বীজ ডিলার মোঃ খলিলুর রহমান। এছাড়া মধুপুর টেরিটরি অফিসার নূর মোহাম্মদসহ ৫৫ জন মডেল কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামালপুর জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।
এ প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইড একটি নিরাপদ ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহারে উৎসাহিত করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর কার্যকারিতা তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষিতে টেকসই পদ্ধতির প্রসার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
