জামালপুর প্রতিবেদকঃ
জামালপুরের নান্দিনা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর দীর্ঘ প্রতীক্ষিত নান্দিনা-লক্ষীরচর ব্রিজ নির্মাণ প্রকল্পের সব প্রতিবন্ধকতা দূর করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নান্দিনা বাজার এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে অধিগ্রহণকৃত ১.৭৭ একর ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে।
জামালপুর সদর উপজেলাধীন ‘নান্দিনা-জিসি-লছমনপুর আরএইচডি ভায়া লক্ষীরচর ইউপি সড়কে চেইনেজে ৬০৬.০০ মিটার ব্রিজ নির্মাণ’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে প্রকল্পের নির্ধারিত জমিতে অবৈধ স্থাপনা থাকায় নির্মাণ কাজ ব্যাহত হচ্ছিল।
অভিযান চলাকালীন নদের পাড় ও বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ছোট-বড় অবৈধ ঘর ও ব্যবসায়িক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), জামালপুর সদর। রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সহযোগিতা করেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় নান্দিনা ও লক্ষীরচরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের মতে, নান্দিনা ব্রহ্মপুত্র সেতু নির্মিত হলে নদের দুই তীরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ভূমি বর্তমানে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
