জামালপুর প্রতিবেদকঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সকালে পৃথক জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মোহাম্মদ মিহাদ (১২), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঈদের ছুটিকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতুর ওপর স্থানীয় লোকজনের ব্যাপক ভিড় জমে।
অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে সেতুটি ভেঙে পড়ে এবং বহু মানুষ নদীতে পড়ে যান। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় শনিবার রাতেই একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
