সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০), আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব, হোসেন ও রঞ্জু মিয়া।
গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের একটি বাসের মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে বাস চালানোর দায়িত্ব দেন।
কিন্তু বাস চালক আনিছুর রহমান নিয়মিতভাবে সঠিক হিসাব দিচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। এ কারণে বাস মালিক তাকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন।
এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদ্যপ অবস্থায় মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছকে মারধর করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় মালিক ও শ্রমিক পক্ষ পৃথকভাবে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
