আবুল হোসেন, সরিষাবাড়ী প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি ঋষিপাড়া এলাকায় ঘরের টিনের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভা এলাকার বাউসি ঋষিপাড়ায় নিরঞ্জন ঋষি ও নিতাই ঋষি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন নিরঞ্জন ঋষি, নিতাই ঋষি, অনন্ত ঋষি, সুজন ঋষি, মায়া রানী ঋষি, শ্যামল ঋষি ওরফে ফকির, রতন ঋষি ও মমতা ঋষিসহ আরও কয়েকজন। গুরুতর আহত নিরঞ্জন ঋষি ও অনন্ত ঋষিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনার পর উভয় পক্ষই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউসি ঋষিপাড়া গ্রামের মৃত নরেন চন্দ্র ঋষির ছেলে নিরঞ্জন ঋষির গোসলখানার পানি একই বাড়ির চিনি মোহন ঋষির ছেলে নিতাই ঋষির সীমানা দিয়ে নিষ্কাশন হতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
পরে স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিরঞ্জন ঋষি তার গোসলখানার পানি নিতাই ঋষির সীমানা দিয়ে নিষ্কাশন বন্ধ করেন।
তবে অভিযোগ রয়েছে, এরপরও নিতাই ঋষির পক্ষের লোকজন রাতের বেলায় প্রায়ই নিরঞ্জন ঋষির ঘরের টিনের চালে ইট–পাটকেল নিক্ষেপ করতেন। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটলে নিরঞ্জন ঋষি প্রতিবাদ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে নিরঞ্জন ঋষির বসতঘরের টিনের বেড়া ও ঘরের বিভিন্ন অংশে ইট ও লাঠি দিয়ে আঘাত করে ক্ষতিসাধন করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নিরঞ্জন ঋষি বলেন, প্রতিপক্ষের অব্যাহত অত্যাচারে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
