সরিষাবাড়ীতে সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগার উদ্বোধন

 

সরিষাবাড়ীতে সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগার উদ্বোধন

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিবেদকঃ

বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে জামালপুরের সরিষাবাড়িতে যাত্রা শুরু করলো সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগার।

আজ সকাল ১০টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে অবস্থিত গ্লোরী মডেল স্কুলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটির উদ্বোধন করা হয়।

সরিষাবাড়ীতে সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগার উদ্বোধন


শিশুদের সৃজনশীল বিকাশ ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ উদ্ভাবক, জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রাপ্ত এবং সাউদার্ন ইউনিভার্সিটির রিসার্চার জনাব তৌহিদুল ইসলাম। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “একটি বই কেবল তথ্যের উৎস নয়, এটি শিশুর চিন্তাজগৎকে প্রসারিত করে। সহজপাঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে গ্লোরী মডেল স্কুলের পরিচালক রাশিদুল হাসান মিতুন বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই পাঠাগার বড় ভূমিকা রাখবে। 

পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের বিস্তৃত জগতের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার জন্য সহজপাঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠুক।”

সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ বলেন, “প্রতিটি শিশুর হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তৃতীয় শিশুপাঠাগার উদ্বোধন সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই পাঠাগারটি গ্লোরী মডেল স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার অন্যান্য শিশুদের মধ্যেও বই পড়ার আগ্রহ সৃষ্টি করবে।

নবীনতর পূর্বতন