নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজি চালক আকবর আলী (৫৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি গ্রামের মৃত তোরাফ আলীর ছেলে ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার আব্বাস আলীর ছেলে খোকন মিয়া (৪৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, প্রাথমিকভাবে বাস ও সিএনজি চালকের অসাবধানতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পলাতক বাসটি শনাক্তে কাজ করছে।
