মাইনুল ইসলাম রিফাতঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক, কবি-সাহিত্যিক ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সাংবাদিক এস এম ইব্রাহিম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ডা. আনোয়ারুল সাজ্জাদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শামীম বলেন, সাংবাদিকদের বিভক্তি পরিহার করে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। তিনি আরও বলেন, সম্মিলিত সাংবাদিকতা সমাজে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করবে এবং সাংবাদিকদের সহযোগিতায় সমাজের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ বাচ্চু মিয়া বলেন, ঈদের আগে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেলেও প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতায় উপজেলায় আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা থাকা সত্ত্বেও সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি, এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, সত্য লিখনের মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাংবাদিকতা, সামাজিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
