সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম

 

সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা। 

সকাল থেকেই সরিষাবাড়ী এলাকায় তার বাসভবন ও বিভিন্ন স্থানে হাজারো নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের ভিড় লক্ষ্য করা যায়।

নির্বাচনে জয়লাভের পর দিনভর দলীয় নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। ফুলের মালা ও শুভেচ্ছা জানিয়ে নতুন সংসদ সদস্যকে বরণ করে নেওয়ার দৃশ্য ছিল উৎসবমুখর।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মামুনুর রশীদ ফকির বলেন, “ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা শামীম ভাইকে জয়যুক্ত করায় সরিষাবাড়ীবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সরিষাবাড়ীকে পরিচালনার চেষ্টা করা হবে।”

বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি আপনাদের খাদেম হয়ে মানুষের সেবা করতে চাই।” তিনি আরও বলেন, এই বিজয় সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণকে উৎসর্গ করছি এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবীনতর পূর্বতন