ডেস্ক রিপোর্টঃ
বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, গত ১৭ বছরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আরও ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছিল মন্ত্রণালয়।
গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে প্রায় পাঁচ লাখ মানুষ আইনি জটিলতা ও হয়রানি থেকে অব্যাহতি পাবেন বলে আশা করা হচ্ছে।
