![]() |
| বকশীগঞ্জের দক্ষিণ কামালপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি পুলিশের হেফাজতে |
জামালপুর প্রতিবেদকঃ
জামালপুরের বকশীগঞ্জে একটি পুকুর থেকে বোমা সদৃশ একটি মর্টারশেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার দক্ষিণ কামালপুর এলাকার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
ঘটনার পর বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যমতে বিকেলে সাদা মিয়ার পুকুরপাড়ে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে পুকুরের এক কোণে পড়ে থাকা বস্তুটি দেখতে পান। প্রথমে সেটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি অন্যদের নজরে আসে। পরে বস্তুটি মরিচা ধরা পুরনো মর্টারশেল বলে ধারণা করা হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
