জামালপুরে জমে উঠেছে ইফতারি বাজার

 

জামালপুরে জমে উঠেছে ইফতারি বাজার

শওকত জামানঃ

জামালপুরে জমে উঠেছে রমজানের ইফতারের বাজার। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত—সব জায়গায় বাহারি ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের পরপরই দোকানের বাইরে সামিয়ানা টানিয়ে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপসহ নানা বাহারি খাবার বিক্রি করছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ছে ক্রেতাদের ভিড়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে হালিমের হাঁড়ির সামনে, রীতিমতো হুড়োহুড়ি।

শহরের তমালতলা মোড় এলাকায় তাজ রেস্টুরেন্ট ও রংধনু রেস্টুরেন্টের সামনে ইফতারি বাজারে হান্ডি হালিম কিনছেন ক্রেতারা। হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের রোল, শাম্মি কাবাব, বাট্টি পরোটা, চিকেন কাটলেট, দই, ল্যাম্ব শর্মা, চিকেন শর্মা, শ্রিম্প পাকোড়া, মাটন কাবাবসহ নানা মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে দেদার।

তাজ রেস্টুরেন্টের মালিক সোহেল রানা বলেন, “ইফতারি বেচা-বিক্রি খুবই ভালো। ক্রেতাদের ভীড় সামলাতে পারছিনা। পুরো রমজান মাসই এই ভীড় থাকবে।”

তমালতলা এলাকা ছাড়াও শহরের গেটপাড়, দয়াময়ী মোড়, বকুলতলা, পাঁচরাস্তা মোড়, দেওয়ানপাড়া মোড়, ফৌজদারী মোড় ও বিজয় চত্বরসহ শতাধিক পয়েন্টে ইফতারি বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

নবীনতর পূর্বতন