বিপুল ভোটে জয়লাভের পর শপথ নিলেন ফরিদুল কবির তালুকদার শামীম

 

বিপুল ভোটে জয়লাভের পর শপথ নিলেন ফরিদুল কবির তালুকদার শামীম


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ

বিপুল ভোটে জয়লাভের পর আজ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন সরিষাবাড়ি আসন থেকে নির্বাচিত ফরিদুল কবির তালুকদার শামীম। শপথের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।

এর আগে ঘোষিত ফলাফলে জানা যায়, বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। পোষ্টাল ব্যালটে তিনি আরও ৮২০ ভোট পান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে উপজেলার ৮৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণা করেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাসনিমুজ্জামান।

ঘোষিত ফল অনুযায়ী, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ভোটের ব্যবধানে ফরিদুল কবির তালুকদার শামীম এক লাখ দুই হাজার ৩০৫ ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

ফরিদুল কবির তালুকদার শামীম ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৭ সালে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। সরিষাবাড়ি অনার্স (সাবেক রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ) ছাত্র সংসদের ভিপি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে ১৯৯০ সালে সরিষাবাড়ি পৌরসভায় চেয়ারম্যান নির্বাচিত হন এবং একাধিকবার দায়িত্ব পালন করে প্রায় ২৫ বছর পৌরবাসীর সেবা দেন। উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জেলা পর্যায়ে দুইবার জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে জামালপুরের সাতটি উপজেলায় দলকে নেতৃত্ব দেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে কারাবরণ, মামলা ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াননি।

২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিলেও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০২৬ সালের নির্বাচনে নিরপেক্ষ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করে এবার জয়লাভ করেন তিনি।

স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সরিষাবাড়ি ও বৃহত্তর জামালপুর এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ পথচলার পর জাতীয় সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন ফরিদুল কবির তালুকদার শামীম।

নবীনতর পূর্বতন